শমিত সিনহা
পূর্ব বর্ধমান জেলার গুসকরাতে, সেখানে গুসকরা চোংদার জমিদার বাড়িতে প্রতি বছর দশমীর পুজোর পর অনুষ্ঠিত হয় শ্রাদ্ধানুষ্ঠান।এমনই প্রথা চলে আসছে সেই আমল থেকে, এর পেছনে কারন ব্যাখ্যা করলেন তাদেরই বংশধরেরা।
আজ থেকে হাজার বছর আগে চোংদার পরিবার চট্টগ্রাম থেকে গুসকরায় চলে আসেন।তাদের আদি পদবী ছিলো চট্টোপাধ্যায়। ব্রাহ্মণ পরিবার। তাদের কোনো এক পূর্বপুরুষ কোনো এক রাজার প্রধান সেনাপতি পদ লাভ করে চোংদার উপাধি লাভ করেন। সেই থেকে তাদের পদবী হয়ে যায় চোংদার।
আবার কারো মতে এই পরিবারের পূর্বপুরুষরা ছিলেন বর্ধমানের মহারাজার রাজকর্মচারী। তাদের কর্মদক্ষতা, বিশ্বাসযোগ্যতায় খুশি বর্ধমানের মহারাজা তাদের জমিদারী প্রদান করেছিলেন।
গুসকরায় চোংদার পরিবারে দুর্গাপুজো কবে শুরু হয়েছিলো তা কেউই সঠিক ভাবে বলতে পারেন না। কেউ বলেন ৪০০ বছর আগে, কেউ বলেন ৫০০ বছর আগে। তবে দুর্গাপুজো শুরু করেছিলেন চতুর্ভুজ চোংদার এবং তার স্ত্রী বিদ্যাধরী দেবী। তাও কত বছর আগে তা পরিবারের সদস্যদের অজানা।
প্রথম মাতৃ আরাধনা শুরু হয়েছিলো পর্ণকুটিরে।
এখন প্রাসাদোপম বাড়িতে উঁচু ভিতের ওপর সারি সারি সুউচ্চ গোলাকার থাম শোভিত যে চকমিলান ঠাকুরদালান, তা তৈরী হয় অনেক পরে। থামগুলো এককালে সাদা ছিলো, পরিবারের এক সদস্যের মুখ থেকে শুনলাম। কালের ছায়ায় তা এখন ধূসর, ফ্যাকাসে। তবে থামের গা গুলো এখনো খুব মসৃন। তিনি বলছিলেন, পঙ্খের কাজ যেভাবে হয়, প্রায় সেইরকম ভাবেই থামগুলোর গায়ে তা করা হয়েছিলো। এবং তেলতেলে পালিশ করা হয়েছিলো। সেই সদস্য থামের গায়ে হাত বুলিয়ে তা দেখালেন। আমরাও হাত বুলিয়ে দেখলাম, ওনার কথাই সত্যি। তিনি আরো বললেন যে, এইভাবেই কলকাতার রাজবাড়িগুলোর থামগুলো তৈরী হয়েছে। তবে এটা তার শোনা কথা। চোখে দেখার সৌভাগ্য তার হয়নি। এই ঠাকুরদালানের বয়স ১৫০-২০০ বছর হবে বলে মনে হলো।
যাইহোক, রথের দিন কাঠামোতে মাটি লাগিয়ে মূর্তি গড়া শুরু হয়। একচালার প্রতিমা। আকারে বেশ বড়ো। বড়ো ঠাকুরদালানের সাথে সামঞ্জস্য রেখেই তা করা হয়। মায়ের সাথে চার সন্তান থাকলেও তাদের সাথে মূল মূর্তির দুইপাশে থাকে জয়া আর বিজয়া মূর্তি। এই বাড়ির মূর্তিতে সরস্বতীর মাথায় মুকুট থাকে না। কারণ তারা সরস্বতীকে, নীল সরস্বতী হিসেবে পুজো করেন। দশমহাবিদ্যার আটটি রূপের এক রূপ হলো, দেবী তারা।
আগে মহিষ বলি হতো। এখন সেসব বন্ধ । এখন আখ, চালকুমড়ো, শসা ইত্যাদি বলি হয়।
মাকে রোজ অন্নভোগ দেওয়া হয়। রাতে আরতির পরে শীতলভোগ। পুজোতে বাড়ির পুরুষ সদস্যরা সব কাজ করলেও ভোগ রান্না করেন মহিলারা। দুপুরে অন্ন, ডাল, তার সাথে পাঁচ রকম ভাজা, দুরকম তরকারি, মাছের টক ও পায়েস মাকে ভোগ হিসেবে দেওয়া হয়। অষ্টমীতে মাকে দেওয়া হয় খিচুড়ি। আর রাতে লুচি, ডাল, পায়েস, নারকেলের নাড়ু, ক্ষীর প্রভৃতি।
এই বাড়িতে অষ্টমী পুজোর পর কুমারী পুজোর চল আছে। তবে তার জন্য আগে থাকতে কাউকে নির্দিষ্ট করা থাকেনা। পুজোর সময় ঠাকুরদালানে আসা যে কোনো একজন মেয়েকে বেছে নেওয়া হয়, কুমারী পুজোর জন্য। তবে সেক্ষেত্রে ব্রাহ্মণ, অব্রাহ্মণ বিচার করা হয় না। এটা ওনাদের পারিবারিক ঐতিহ্য। বহু বছর ধরে পালিত হয়ে আসছে এই প্রথা। পুজোর কটাদিন একটা প্রদীপ জ্বালিয়ে, তাকে কাঁচের চিমনি দিয়ে ঢেকে রাখা হয়। যাতে তা কোনোমতেই নিভে না যায়।
আগে সন্ধিপুজো শুরু হতো কামানের গর্জনের মাধ্যমে। পরে তা রূপান্তরিত হয় বন্দুকের ফাঁকা আওয়াজে। পরে তাও বন্ধ হয়ে যায়।
দশমীর পুজোর পর হয় শ্রাদ্ধানুষ্ঠান। যা আগেই বলেছি। এখনো পরম ভক্তি ও শ্রদ্ধায় পালিত হয় সেই অনুষ্ঠান।
পুজোতে জমিদারীর সমস্ত গ্রামের প্রজাদের পাত পেড়ে খাওয়ানো হতো।
পুজো উপলক্ষে বাড়িতে বসতো যাত্রাগানের আসর, কলকাতার নামকরা যাত্রাদল আসতো এই বাড়িতে। বসতো সঙ্গীতের আসর। সেই আসরে সঙ্গীত পরেবেশন করে গেছেন ভারত বিখ্যাত সব শিল্পীরা। তাদের মধ্যে উল্লেখ করা যেতে পারে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব।
পারিবারিক সূত্রে জানতে পারলাম, কোনো এক সময় এই বাড়ির পুজোতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর মতন ব্যক্তিত্বরা।
একটা সময় এই জমিদার বাড়ি সবসময় গমগম করতো। কতো মানুষের আনাগোনা। কত কলরব। এখন সেসব ইতিহাস হয়ে গেছে। সারাটা বছর বাড়িটা প্রায় অন্ধকারে দাঁড়িয়ে থাকে একা অতীত ঐতিহ্যের উজ্জ্বল দিনগুলোর স্মৃতির ভার বহন করে। পুরো ঠাকুর দালান আজ বিবর্ণ। কোথাও কোথাও খসে গেছে পলেস্তারা বেরিয়ে পড়েছে ইঁট। যেনো মুখ বার করে কিছু বলতে চায়।
পুজোর কটাদিন শুধু মুখরিত হয়ে পরিবারের লোকজনের কলরবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের সমাগমে গমগম করে ঠাকুরদালান। সেই জমিদারও নেই, জমিদারীও নেই। শুধু পড়ে আছে ইতিহাসের বিবর্ণ কয়েকটা পাতা। পড়ে আছে আভিজাত্য, ঐতিহ্য আর কৌলিন্য। পড়ে আছে পরম্পরা আর পারিবারিক আচার অনুষ্ঠান। যা আজও নিষ্ঠার সাথে পালন করে চলেছেন পরিবারের বর্তমান উত্তরসূরিরা।