Your paragraph text (10)

মুর্শিদাবাদ: রাজ্যে আসন্ন রাজনৈতিক পটপরিবর্তনের লক্ষ্য নিয়ে আজ থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিজেপির মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’। জঙ্গিপুর সাংগঠনিক জেলাকে কেন্দ্র করে আজকের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সুবল চন্দ্র ঘোষ আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের রণকৌশল স্পষ্ট করেছেন। তিনি বলেন,

“জঙ্গিপুর থেকে আমাদের সভা শুরু হবে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে মানুষ পরিবর্তন চাইছে। এই যাত্রা কেবল একটি কর্মসূচি নয়, এটি দুর্নীতির বিরুদ্ধে মানুষের গর্জন।”

বিজেপি সূত্রে জানা গেছে, আজকের এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক জমায়েত হবেন। সভার লক্ষ্য কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং রাজ্য সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরা। জঙ্গিপুর থেকে শুরু হয়ে এই যাত্রা জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র প্রদক্ষিণ করবে। পথে একাধিক পথসভা ও জনসংযোগ কর্মসূচির পরিকল্পনা রয়েছে। সুবল চন্দ্র ঘোষ ছাড়াও রাজ্য স্তরের একাধিক হেভিওয়েট নেতার এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

একদিকে দোল-হোলি পরবর্তী পরিস্থিতি এবং অন্যদিকে রাজনৈতিক কর্মসূচি—এই দুইয়ের জেরে জঙ্গিপুর ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির এই পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, “বাংলার মানুষ উন্নয়নের পক্ষে, এই ধরনের যাত্রা করে জনসমর্থন পাওয়া যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *