844302282 4067240453411196 2442380461261560265 n

দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের ঘোষ পরিবারের পুজো

শমিত সিনহা : দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের ঘোষ পরিবারের পুজো বাংলার আর পাঁচটা সাধারণ দুর্গাপুজোর থেকে একেবারেই আলাদা। কারণ, এখানে দেবী দুর্গা সাধারণ রূপে নয়, বরং একই অঙ্গে ‘অর্ধেক কালী এবং অর্ধেক দুর্গা’ রূপে পূজিতা হন।

এই পুজোর শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় ১৬২ বছর আগে, ১৮৬৪ সালে। ঘোষ পরিবারের পূর্বপুরুষ হরিকিশোর ঘোষ তখন অবিভক্ত বাংলার ঢাকার মেদিনীমণ্ডলের দারোগা। তিনি একদিন স্বপ্নে দেবীমায়ের নির্দেশ পান এবং পুজো শুরু করেন। কিন্তু প্রথমবার প্রতিমা তৈরির সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। কারিগররা প্রতিমায় হলুদ রং করার পরই আচমকা ডানদিকের অংশের রং সম্পূর্ণ কালো হয়ে যায়। তখন হরিকিশোরের মনে পড়ে যে তিনি স্বপ্নেও মায়ের এরকমই এক রূপ দেখেছিলেন। এরপর পুরোহিতের কথায় দেবীকে অর্ধেক কালী এবং অর্ধেক দুর্গা রূপেই প্রতিষ্ঠা করা হয়। দেশভাগের পর ঘোষ পরিবার এপার বাংলায় চলে এলেও, সেই পুরনো নিয়ম মেনেই আজও সুভাষগ্রামে এই পুজো হয়ে আসছে।

একচালার এই মূর্তিতে দেবীর শরীর ঠিক মাঝখান থেকে দু’ভাগে ভাগ করা। ডানদিকটা কালীর মতো কালো আর বাঁদিকটা দুর্গার মতো সোনালি রঙের। দেবীর ডান পা থাকে সিংহের পিঠে আর বাঁ পা থাকে অসুরের কাঁধে। মূর্তিতে দেখা যায়, কালীরূপেই দেবী মহিষাসুরকে বধ করছেন। দেবীর ছেলেমেয়েদের জায়গাতেও কিছুটা বদল রয়েছে। সাধারণত কার্তিক বাঁদিকে থাকলেও, এই প্রতিমায় দেবীর ডানপাশে থাকেন লক্ষ্মী ও কার্তিক এবং বাঁপাশে থাকেন সরস্বতী ও গণেশ।

এই বাড়ির পুজো হয় বৃহৎনান্দীকেশ্বর পুরাণ মতে। সপ্তমীর দিন সকালে দেবীকে স্নান করানোর সময় গঙ্গার জল, তিন সমুদ্রের জল, মধু, শিশির-সহ মোট ১০৮ রকমের জল ব্যবহার করা হয়। পুজোর তিন দিনই চালকুমড়ো ও আখ বলি দেওয়া হয়। তবে এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নবমীর ‘শত্রুবলি’। মানুষের মনের ভেতরের খারাপ দিকগুলোকে নষ্ট করার প্রতীক হিসেবে চালের গুঁড়ো (পিটুলি) দিয়ে মানুষের মূর্তি বানিয়ে, কচুপাতায় মুড়ে সেটি বলি দেওয়া হয়।

এই পরিবারে দেবীকে রান্না করা অন্ন বা ভাত দেওয়ার নিয়ম নেই। তার বদলে সাড়ে ১২ কেজি কাঁচা চালের নৈবেদ্য দেওয়া হয়। দশমীর ভোগে থাকে একেবারে গ্রামের সাধারণ খাবার যেমন বোরো ধানের চাল, কচুর লতি, শাপলা-শালুক এবং আমড়া। দশমীর সন্ধ্যায় বাড়ির মহিলারা মাকে বরণ করার পর, পরিবারের ছেলেরাই বাড়ির নিজস্ব পুকুরে প্রতিমা বিসর্জন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *