হাওড়ার আন্দুল-মহিয়ারীর কুণ্ডু চৌধুরী বাড়ির দুর্গাপুজো
শমিত সিনহা : হাওড়ার আন্দুল-মহিয়ারীর কুণ্ডু চৌধুরী বাড়ির দুর্গাপুজো বাংলার বনেদি বাড়ির ইতিহাসে এক পরম বিস্ময়! প্রায় ৩০০ বছরের প্রাচীন এই পুজোয় নেই কোনো মহিষাসুর, নেই কোনো সিংহ। দেবী এখানে শান্ত, স্নিগ্ধ বৈষ্ণব রূপে পূজিতা হন। আর এই পুজোর পরতে পরতে লুকিয়ে আছে সেকালের নৌ-বাণিজ্যের এক রোমাঞ্চকর ইতিহাস।
১৭৪৫ সাল নাগাদ মেদিনীপুরের তমলুক থেকে হাওড়ার মহিয়ারীতে এসে বসতি স্থাপন করেন এই বংশের আদিপুরুষ কুশাই রাম। তবে এই পরিবারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন রামকান্ত কুণ্ডু চৌধুরী। ১৮১৬ সালে তাঁর আমলেই বিশাল দুর্গাদালান এবং জোড়া শিবমন্দির-সহ বর্তমান রাজপ্রাসাদটি গড়ে ওঠে।
সেকালে এই বাড়ির পাশ দিয়েই বয়ে যেত খরস্রোতা সরস্বতী নদী। এই নদীপথকে কাজে লাগিয়েই ইংল্যান্ডের চেশায়ার (Cheshire) থেকে নুন আমদানির একচেটিয়া ব্যবসা শুরু করেছিলেন রামকান্ত কুণ্ডু চৌধুরী। বাণিজ্যের কারণে পরিবারের পুরুষদের নদীপথে মাসের পর মাস বাইরে কাটাতে হতো। সেই থেকেই এই বাড়িতে বছরে দু’বার মাতৃ আরাধনার চল শুরু হয়! পুরুষরা যখন বাণিজ্যের জন্য সমুদ্রে যেতেন, তখন তাঁদের সুরক্ষার কামনায় মহিলারা বসন্তকালে করতেন ‘বাসন্তী পুজো’। আর পুরুষরা নিরাপদে বাণিজ্য সেরে শরৎকালে বাড়ি ফিরলে ধুমধাম করে হতো ‘দুর্গাপুজো’।
কুণ্ডু চৌধুরী বাড়ির প্রতিমা বাংলার আর পাঁচটা সাধারণ মূর্তির মতো নয়। দেবী এখানে দশভুজা রণংদেহী রূপে নন, বরং পূজিতা হন শান্ত ‘হর-গৌরী’ রূপে। ষাঁড়ের পিঠে আসীন দেবাদিদেব মহাদেব, আর তাঁরই কোলে বসে আছেন দেবী দুর্গা। দেবীর গায়ে থাকে সম্পূর্ণ সাদা শোলার ডাকের সাজ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এখানে দেবীমূর্তি কোনো ছাঁচে ফেলা হয় না, সম্পূর্ণ হাতে গড়া হয়। আর বাসন্তী পুজো এবং দুর্গাপুজো দুটিই হয় একই কাঠামোর ওপর! উল্টোরথের দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয় প্রস্তুতি।
সেকালে নদীপথ ছিল অত্যন্ত দুর্গম একদিকে ঝড়-জলের ভয়, অন্যদিকে ডাকাতের উপদ্রব। পুরুষদের নৌযাত্রার সেই বিপদ কাটাতেই এই পুজোয় শুরু হয় এক অভিনব প্রথা ‘নৌকো পুজো’ (বা বুট পুজো)। নবমীর সন্ধ্যায় একটি প্রতীকী ছোট কাঠের নৌকোকে গামছায় মুড়ে, তার ভেতর ব্যবসায়ে ব্যবহৃত কড়ি, মুদ্রা ও সিঁদুরের কৌটো রেখে সাজানো হয়। দশমীর দিন সকালে তার পুজো করে আবার ঠাকুরঘরে সযত্নে রেখে দেওয়া হয়। কেমন লাগছে বাংলার উৎসব পেজের এই প্রতিবেদন গুলো জানাতে ভুলবেন না। এছাড়াও, এই পুজোয় মা দুর্গার ঠিক পাশেই একটি রূপোর সিংহাসনে বসে পূজিত হন স্বয়ং গরুড় দেব। তাঁর পুজোর সমস্ত বাসনপত্রও রূপোর তৈরি।
পুরো পুজোটিই পরিচালিত হয় ১৯২৭ সালে তৈরি হওয়া ‘লক্ষ্মী-জনার্দন ট্রাস্ট’-এর মাধ্যমে। বাড়ির প্রাচীন নিয়মাবলির বই ‘অর্পণ নামা’-র নিখুঁত নিয়ম মেনেই সব কাজ হয়। যেহেতু এটি বৈষ্ণব পরিবার, তাই পশুবলি বা অন্নভোগ (ভাত) কঠোরভাবে নিষিদ্ধ। মায়ের নৈবেদ্য হিসেবে দেওয়া হয় ১০০ কেজি কাঁচা চাল, নানা ফল এবং বাড়ির মেয়েদের হাতে তৈরি ১০০টি নারকেলের বিশেষ মিষ্টি। রাতে মাকে লুচি, গজা, পান্তুয়া, বোঁদে ভোগ দেওয়া হয়। সন্ধিপুজোয় জনসমক্ষের আড়ালে একটি বাতাবি লেবু বলি দেওয়া হয় এবং ১০৮টি পিতলের স্ট্যান্ডে পিতলের প্রদীপ জ্বালানো হয়।
সাধারণত অন্যান্য বনেদি বাড়িতে একদিন কুমারী পুজো হলেও, এখানে সপ্তমী থেকে দশমী টানা চারদিন কুমারী পুজো হয়! অষ্টমীতে ১০ জন সধবা মহিলা নিয়ম করে ধুনো পোড়ান।
কুণ্ডু চৌধুরী বাড়িতে কোনো জাঁকজমকপূর্ণ সিঁদুর খেলা বা ধুনুচি নাচের রীতি নেই। দশমীর দিন ঠাকুর বরণের পর সধবা মহিলারা শুধুমাত্র একে অপরের কপালে সামান্য সিঁদুর ছুঁইয়ে দিয়ে বিজয়ার আচার পালন করেন। বিসর্জনের পরই একমাত্র পরিবারের সদস্যরা আমিষ বা মাছ খাওয়ার সুযোগ পান।