আরজি কর হাসপাতালের চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে প্রত্যাশিত অগ্রগতি হয়নি এবং দীর্ঘদিন ধরে মামলাটি কার্যত একই জায়গায় আটকে রয়েছে।
শুক্রবার আদালতে রিপোর্ট জমা দেয় সিবিআই। শুনানিতে বিচারপতিরা প্রশ্ন তোলেন, গত ২১ জুন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দেওয়া হলেও তার বাস্তব প্রয়োগ কতটা হয়েছে। আদালতের মন্তব্য, প্রায় এক বছর আট মাস আগে চার্জশিট জমা দেওয়া হলেও তদন্তে নতুন কোনও উল্লেখযোগ্য তথ্য সামনে আসেনি। এমনকি গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হওয়ার অভিযোগ নিয়েও যথাযথ অনুসন্ধান হয়নি বলে আদালত অসন্তোষ প্রকাশ করে।
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, শুধু ‘বৃহত্তর ষড়যন্ত্র’-এর কথা উল্লেখ করলেই হবে না, তার পক্ষে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণও তুলে ধরতে হবে। আদালত জানতে চায়, তদন্তে ঠিক কী অগ্রগতি হয়েছে এবং কোন বাধার কারণে মামলাটি এগোচ্ছে না।
অন্যদিকে, নির্যাতিতার পরিবার আদালতে জানায়, সিবিআই যদি কার্যকর তদন্ত করতে ব্যর্থ হয়, তবে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হোক। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, আদালতের আগের নির্দেশ বুঝতে কিছু ভুল হয়ে থাকতে পারে, তবে তদন্ত এখনও চলমান এবং সমস্ত বিষয় পুনরায় খতিয়ে দেখা হবে।
হাই কোর্ট সিবিআইকে আগের নির্দেশ পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে এবং তদন্তের প্রতিটি দিক নতুন করে পর্যালোচনার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ আগস্ট।