হুগলির ডানকুনিতে এক তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ ও ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জলনিকাশির সমস্যা চরম আকার ধারণ করেছে। পাশাপাশি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের পরিষেবাও নিয়মিতভাবে পাওয়া যাচ্ছে না। এইসব সমস্যার সমাধানের দাবিতে মঙ্গলবার দক্ষিণ সুভাষপল্লি এলাকায় তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন একাংশ বাসিন্দা।
বিক্ষোভ চলাকালীন কাউন্সিলর বাড়ি থেকে বেরিয়ে এলে ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে কাউন্সিলরের দিকে কাঁচা ডিম ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন থানার আইসি শান্তনু সরকার। তিনি প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আবেদন জানান এবং অভিযোগ থাকলে তা লিখিত আকারে প্রশাসন বা পুলিশের কাছে জমা দেওয়ার পরামর্শ দেন। কিন্তু তাতেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় তিনি মাইক হাতে নিয়ে সরাসরি সতর্কবার্তা দেন।
আইসি স্পষ্ট ভাষায় জানান, প্রতিবাদের অধিকার সকলের থাকলেও কারও দিকে ডিম ছুড়ে অপমান করা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, অভিযোগ থাকলে আইনসম্মত পথে তা জানাতে হবে এবং পুলিশকে তার দায়িত্ব পালন করতে দিতে হবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, প্রতিবাদের নামে কোনও ধরনের অসভ্যতা বা হুজ্জুতি বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।