ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর টানা ১২ বছরের দায়িত্বপালন উপলক্ষে দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হল এনডিএ-র বিশেষ বৈঠক। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রার সাফল্য তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। সেই বৈঠকেই এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে ঝালমুড়ি মেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন।
ঝালমুড়িকে ঘিরে মোদীর সঙ্গে বাংলার রাজনৈতিক যোগসূত্র নতুন নয়। বিধানসভা নির্বাচনের প্রচারের সময় ঝাড়গ্রামে এক ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতো ঝালমুড়ি খেয়েছিলেন তিনি। সেই ঘটনার পর স্থানীয় বিক্রেতা বিক্রমকুমার সাউ রাতারাতি আলোচনায় উঠে আসেন। এবার বাংলায় বিজেপির নির্বাচনী সাফল্যের পর দিল্লির মঞ্চে ফের ঝালমুড়ি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল।
বুধবারের বৈঠকে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর ১২ বছরের সাফল্য এবং উন্নয়নমূলক কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা দায়িত্ব পালনের নিরিখে মোদী নতুন নজির গড়েছেন। এই উপলক্ষে দেশজুড়ে এক মাসব্যাপী প্রচারাভিযানও শুরু করেছে এনডিএ।
প্রধানমন্ত্রী মোদী তাঁর এই অধ্যায়কে ‘বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণের ১২ বছর’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ, নারী এবং কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যেই তাঁর সরকার কাজ করে চলেছে। পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল অগ্রগতি এবং সুশাসনের মাধ্যমে উন্নত ভারতের লক্ষ্য পূরণের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।