ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে নিউটাউনের এনআইএ দফতর চত্বর। সকাল থেকেই সেখানে জড়ো হন বহু মানুষ। তাঁদের অনেকের হাতেই ছিল কাঁচা ডিম ও মাছ। ‘মাছ চোর’ লেখা পোস্টার এবং একই নামের জনপ্রিয় গানের তালে নাচতেও দেখা যায় বিক্ষোভকারীদের। শওকতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা নানা স্লোগান তোলেন।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকার বামুনিয়ায় একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে একজনের মৃত্যু হয় এবং একাধিক ব্যক্তি আহত হন। ঘটনার তদন্তভার গ্রহণ করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার ভাঙড়ে একাধিক জায়গায় তল্লাশি চালায় এনআইএ। শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তখন তাঁকে পাওয়া যায়নি।
অবশেষে শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি এলাকা থেকে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়। যদিও তাঁর পরিবারের দাবি, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলার আগে এনআইএ এক বিবৃতিতে জানায়, শওকত এই মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন এবং বিস্ফোরণ চক্রের মূল পরিচালনাকারী হিসেবে তদন্তে তাঁর নাম উঠে এসেছে।
এনআইএ-র দাবি, বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার নির্দেশও দিয়েছিলেন তিনি। তদন্তে আরও জানা গিয়েছে, বিস্ফোরণের পরে মৃত ও আহতদের সরিয়ে নিতে ব্যবহৃত একটি গাড়ির সঙ্গে যুক্ত আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।