আসামের রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে টানা তৃতীয়বার সরকার গঠন করল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। গুয়াহাটির খানাপাড়া এলাকার ভেটেরিনারি গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এর ফলে তিনি আসামের ইতিহাসে একমাত্র অ-কংগ্রেস নেতা হিসেবে টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদে বসার নজির গড়লেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়করি,সর্বানন্দ সোনোয়াল এবং পবিত্র মার্গেরিটা অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে নতুন মন্ত্রিসভায় আরও চারজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির রমেশ্বর তেলি ও অজন্তা নেওগ, অসম গণ পরিষদের অতুল বরা এবং বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের চরণ বরা।
অন্যদিকে, প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে অসম বিধানসভার স্পিকার পদের জন্য এনডিএ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরই নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও প্রশাসনিক রূপরেখা নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।