স্বাস্থ্য ক্ষেত্রে বড় ঘোষণা সমস্ত রাজ্যের সরকারি হাসপাতালে এবার বিনামূল্যে সার্জারি

পেপার ফাঁসের অভিযোগে সিবিআই তদন্ত, নাসিক থেকে ছাত্র আটক

দেশের অন্যতম বৃহত্তম মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬ নিয়ে মঙ্গলবার বড় সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র সরকার। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগের জেরে NEET-UG ২০২৬ পরীক্ষা বাতিল করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। গত ৩ মে ২০২৬ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পরীক্ষা পুনরায় নেওয়া হবে এবং নতুন পরীক্ষার দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা করা হবে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

পুরো ঘটনার তদন্তভার ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, একাধিক রাজ্যে সংঘবদ্ধভাবে প্রশ্নপত্র ফাঁস, নকলচক্র এবং পরীক্ষায় অনিয়ম চালানো হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ জমা পড়ার পর সরকারের ওপর চাপ বাড়তে থাকে। এরপরই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়।

এদিকে মামলায় বড় সাফল্য পেয়েছে তদন্তকারী সংস্থাগুলি। রাজস্থান পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্রের নাসিকের ইন্দিরা নগর এলাকা থেকে শুভম খৈরনার নামে এক ছাত্রকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পরীক্ষামাফিয়া চক্র জড়িত থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য শুভমকে রাজস্থান পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) জানিয়েছে, পুনরায় অনুষ্ঠিত পরীক্ষার জন্য নতুন করে আবেদন করতে হবে না। আগের রেজিস্ট্রেশন ও পরীক্ষাকেন্দ্র বহাল থাকবে। কোনও অতিরিক্ত ফি নেওয়া হবে না এবং জমা করা ফি ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বহু পরীক্ষার্থী। শিক্ষা বিশেষজ্ঞদের দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আটকাতে আরও কঠোর ও স্বচ্ছ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এখন সবার নজর সিবিআই তদন্ত এবং নতুন পরীক্ষার সূচির দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *