পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা এখন প্রলয়ঙ্করী রূপ নিয়েছে। ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury) ষষ্ঠ দিনে পদার্পণ করেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাদের পারফরম্যান্সে চরম সন্তোষ প্রকাশ করে বলেছেন, “আমি আমাদের সেনাদের ১০-এ ১৫ দিচ্ছি! তারা অবিশ্বাস্য কাজ করছে।”
ট্রাম্প আরও একধাপ এগিয়ে তেহরানের নেতৃত্বকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের শাসনব্যবস্থা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তেহরানে যারা এখন নেতা হওয়ার স্বপ্ন দেখছেন বা নিজেকে পরবর্তী প্রধান ভাবছেন, তারাই আমাদের নিশানায় পড়ছেন এবং মারা যাচ্ছেন।” উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইসহ শীর্ষ পর্যায়ের প্রায় ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে হোয়াইট হাউস।
গত শনিবার থেকে ইরান এবং তার সমর্থিত গোষ্ঠীগুলো আমেরিকার বন্ধু দেশগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের ‘আত্মরক্ষা’র লড়াই। গত কয়েক দিনে ইরান ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ১০০০-এরও বেশি কামিকাজে ড্রোন ব্যবহার করে সৌদি আরবের তেল শোধনাগার এবং দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে হামলা চালানো হয়েছে। কুয়েতে ইরানি হামলায় অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর জবাবে ভারত মহাসাগরে একটি ইরানি রণতরী ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই অভিযান আরও ৪ থেকে ৫ সপ্তাহ চলতে পারে। তার মূল লক্ষ্য হলো ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করা এবং তাদের নৌ-শক্তিকে পঙ্গু করে দেওয়া। তবে ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাব নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে। ফ্রান্সসহ বেশ কিছু ইউরোপীয় দেশ এই হামলাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। অন্যদিকে, ইরানের সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “ইরানিদের জন্য এটাই দেশ স্বাধীন করার সেরা সুযোগ। আমরা তাদের ঘাতকদের সরিয়ে দিচ্ছি।”