অঙ্কিত সিনহা : বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের তীব্র সংকটে বিপর্যস্ত দেশের বাণিজ্যনগরী। রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক না থাকায় মুম্বইয়ের প্রায় ২০ শতাংশ রেস্তরাঁ ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। কেবল মুম্বই নয়, দিল্লি, কলকাতা এবং বেঙ্গালুরুর মতো একাধিক বড় শহরেও বাণিজ্যিক গ্যাসের জোগান ব্যাহত হওয়ায় মাথায় হাত হোটেল ও রেস্তরাঁ মালিকদের। পরিস্থিতি মোকাবিলায় এবং জোগানের ঘাটতি খতিয়ে দেখতে এবার উচ্চপর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।
খুচরো বাজারে বাণিজ্যিক সিলিন্ডারের আকাল দেখা দেওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ও মাঝারি মানের হোটেলগুলো। মুম্বইয়ের একটি রেস্তরাঁ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাসের জোগান স্বাভাবিক না হলে আগামী কয়েক দিনে আরও অনেক প্রতিষ্ঠান পাকাপাকিভাবে বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বিপুল পরিমাণ কর্মসংস্থানের ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে।
পরিস্থিতি পর্যালোচনার জন্য কেন্দ্র যে কমিটি গঠন করেছে, তারা মূলত গ্যাসের আমদানি ও বণ্টন ব্যবস্থার ত্রুটিগুলো খতিয়ে দেখবে। তবে এরই মধ্যে সাধারণ গৃহস্থদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে: এখন থেকে গৃহস্থালি ব্যবহারের ক্ষেত্রে ২৫ দিনের ব্যবধান ছাড়া দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না।কালোবাজারি রুখতে এবং বাণিজ্যিক ক্ষেত্রে গৃহস্থালি সিলিন্ডারের অবৈধ ব্যবহার বন্ধ করতেই এই কড়া পদক্ষেপ।
পেট্রোলিয়াম মন্ত্রক গ্যাসের পর্যাপ্ত জোগান নিয়ে আশ্বস্ত করলেও, ব্যবসায়ীরা এখনই স্বস্তির মুখ দেখছেন না। উৎসবের মরসুমের আগে যদি এই জোগান স্বাভাবিক না হয়, তবে খাদ্যদ্রব্যের আকাশছোঁয়া দাম এবং পরিষেবা বন্ধ হওয়ার মতো চরম সংকটের দিকে এগোতে পারে দেশের খাদ্য শিল্প।