Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। এই আবহে ইউসিসি নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তির জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইউসিসির মূল উদ্দেশ্য নাগরিকদের সন্তানসংখ্যা নির্ধারণ করা নয়, বরং সকলের জন্য সমান আইনি কাঠামো নিশ্চিত করা।

সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় শমীক ভট্টাচার্য জানান, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্কের মতো ব্যক্তিগত বিষয়গুলিতে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে একই আইন প্রয়োগ করাই ইউসিসির লক্ষ্য। তাঁর মতে, আইনের দৃষ্টিতে দেশের প্রত্যেক নাগরিক সমান হওয়া উচিত এবং সেই নীতিকেই আরও শক্তিশালী করবে অভিন্ন দেওয়ানি বিধি।

তিনি আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৩৬৬(২৫) ও ৩৪২ অনুযায়ী স্বীকৃত তফসিলি জনজাতি বা আদিবাসীরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাঁদের নিজস্ব সংস্কৃতি, প্রথা, রীতি ও সাংবিধানিক অধিকার সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকবে। সেই কারণেই তাঁদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে।

শমীকের দাবি, ব্যক্তিগত আইনের কারণে যে বহুবিবাহের সুযোগ কিছু ক্ষেত্রে বিদ্যমান, ইউসিসি কার্যকর হলে তা বন্ধ করা সম্ভব হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই আইন কোনওভাবেই নাগরিকদের কত সন্তান হবে তা নির্ধারণ বা নিয়ন্ত্রণ করবে না।

উল্লেখ্য, গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও ইউসিসি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিজেপির মতে, সম-আইন দেশের ঐক্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক সমতার ভিত্তিকে আরও মজবুত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *