Your paragraph text

ভারতের সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে উত্তরপ্রদেশে ধরা পড়ল এক পাক চর। রাজ্য পুলিশের সন্ত্রাসদমন শাখা (ATS) মঙ্গলবার আগরা থেকে আদর্শ কুমার নামক এক নৌসেনা কর্মীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি ভারতীয় নৌবাহিনীর কেরল সাদার্ন কমান্ডের নৌঘাঁটিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

এটিএস সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই আগরা এলাকায় এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নিয়ে গোয়েন্দা দফতরে খবর আসছিল। ওই ব্যক্তি ভারতীয় প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল তথ্য সীমান্তের ওপাড়ে পাচার করছেন বলে প্রাথমিক সন্দেহ জাগে। এরপরই এটিএস-এর একটি বিশেষ দল ওই ব্যক্তির ওপর কড়া নজরদারি শুরু করে।

তদন্তকারীরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর বিষয়টির সত্যতা যাচাই করা হয়। নজরদারি চালানোর পর যখন এটিএস নিশ্চিত হয় যে আদর্শ কুমার পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (ISI) হয়ে কাজ করছেন, তখনই মঙ্গলবার তাঁকে পাকড়াও করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌঘাঁটির পরিকাঠামো এবং সামরিক রণকৌশল সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া বা কোনো ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে তাঁকে প্রলুব্ধ করা হয়ে থাকতে পারে।

আদর্শ কুমারকে বর্তমানে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর সাথে আর কে কে যুক্ত এবং কেরলের নৌঘাঁটিতে বসে তিনি কতদিন ধরে এই চরবৃত্তি চালাচ্ছিলেন, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই ঘটনায় বড় কোনো নেটওয়ার্কের হাত রয়েছে কি না, সেটিও এখন তদন্তের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *