আইপিএল ২০২৬ শেষ হতে আর মাত্র দুটি ম্যাচ বাকি। টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে ক্রিকেটার এবং দলের সহায়ক কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। চলতি মরসুমে একাধিক নিয়মকানুন প্রয়োগের পর এবার প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও কড়া অবস্থান নিল বোর্ড।
সূত্রের খবর, মাঠের ভিতরে এবং দলের আনুষ্ঠানিক কার্যক্রম চলাকালীন কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ স্মার্ট সানগ্লাস ব্যবহার করতে পারবেন না। বোর্ডের মতে, আধুনিক প্রযুক্তির এই চশমাগুলির মাধ্যমে ছবি তোলা, ভিডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিংয়ের সম্ভাবনা থাকে, যা দলের কৌশল ও গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
এর আগে আইপিএল চলাকালীন খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। টিম হোটেল, ড্রেসিংরুম এবং দলীয় বাসে বাইরের ব্যক্তিদের উপস্থিতি সীমিত রাখার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি কিছু ক্রিকেটারকে ভ্লগ বা অনলাইন কনটেন্ট প্রকাশের ক্ষেত্রেও সতর্ক করা হয়েছিল বলে জানা যায়।
বিসিসিআইয়ের দাবি, প্রতিযোগিতার মান বজায় রাখা, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং ম্যাচ প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বোর্ড মনে করছে, প্রযুক্তির অপব্যবহার রোধ করা গেলে দলগুলির কৌশলগত তথ্য আরও সুরক্ষিত থাকবে।
আইপিএলের ফাইনাল পর্বে এই নতুন নিয়ম নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সব ফ্র্যাঞ্চাইজিকেই তা মেনে চলতে হবে।