Polish 20261013

শমিত সিনহা :

কৃষ্ণনগরের দুগ্গা পুজোর গপ্পো

🔶🔵 ভদ্রকালী কল্পের নীল দুর্গা, সঙ্গে নারায়ণ শিলা, দশমীর পর মায়ের ঘটে কালীপুজো—তিন শতাব্দীরও বেশি সময় ধরে অনন্য প্রথা আগলে কৃষ্ণনগরের বেজিখালির রায় পরিবার।

♦️ কৃষ্ণনগরের বেজিখালি রায়বাড়ি যেন এক জীবন্ত ইতিহাস। তিন শতাব্দীরও বেশি সময় ধরে এখানে চলে আসছে এক অনন্য পুজো প্রথা। দুর্গা মা কে এখানে ভদ্রকালী কল্পের রূপে পুজো করা হয়। মায়ের গায়ের রং হয় নীল। একই সাথে মায়ের সাথে পূজিত হন শ্রী নারায়ণ এবং দশমী পুজোর পর মায়ের ঘটে করা হয় কালী পুজো। প্রজন্মের পর প্রজন্ম ধরে রায়বংশ এই ঐতিহ্যকে রক্ষা করে চলেছেন অকুণ্ঠ বিশ্বাসে ও অপরিসীম ভক্তিভরে। পুজোর দিনগুলিতে বাড়িতে ভরে ওঠে ঢাকের শব্দ, চণ্ডীপাঠের ধ্বনি আর প্রদীপের আলো। অসংখ্য দর্শনার্থী পূজোর দিনগুলোতে হাজির হয় এই বিরল পুজোর সাক্ষী হতে।

বাড়ির সকলের বিশ্বাস এই পূজোতে দেবী দুর্গা শুধু মঙ্গলময়ী শক্তির প্রতীক নন, তিনি রক্ষা করেন পরিবার ও সকল মানুষদের। মায়ের সাথে সাথেই পুজো হয় নারায়ণ শিলার। যা এই রায়বাড়ির পুজোকে করেছে আরও বৈশিষ্ট্যমণ্ডিত। দেবীর সঙ্গে শ্রী নারায়ণের যুগল আরাধনা বাংলার অন্যত্র খুব একটা দেখা যায় না। পূজোর সমাপ্তি ঘটে, দুর্গা মায়ের ঘটে কালীপুজোর মধ্য দিয়ে, যা ভক্তদের কাছে আলাদা অনুভূতি। এই পুজো পরিবারের কাছে এখন গভীর দায়বদ্ধতা ও গর্বের বিষয়। পারিবারিক আবেগ, বিশ্বাস ও শ্রদ্ধার মেলবন্ধনেই তিন শতাব্দীর বেশি সময় ধরে টিকে আছে এই পুজো।

বাড়ির সদস্যদের দাবি, আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে বর্তমান বাংলাদেশের কুড়ুলগাছি গ্রামে বাড়ির পূর্ব পুরুষ শ্রী কামাখ্যা প্রসাদ ব্যানার্জীর হাত ধরে তাঁর স্বপ্নে দেখা নীল দুর্গা দেবীর পুজো শুরু করেছিলেন। পরবর্তী কালে জমিদারের তরফ থেকে আমাদের পরিবার রায় উপাধি পান। তারপর থেকেই আমরা রায় বংশ হিসেবে পরিচিতি পায়। বাংলাদেশে দুর্গা দালানে পুজো হত। দেশভাগের সময় দুর্গা দালান ভাঙা হলে কয়েক মন ঠাকুরের বাসন পত্র মাটির তলা থেকে উদ্ধার হয়েছিল তবে দেশভাগের পর কিছু বছর পারিবারিক এবং অর্থনৈতিক কারণে পুজো বন্ধ রাখা হয়েছিল।

বাড়ির সদস্য প্রীতম রায় বলেন, আমাদের মা নীল বর্ন দেবী। মায়ের হাতে মহিষাসুর কিন্তু একবার নয়, তিন কল্পে তিনবার বধ হয়েছিলেন। প্রথম কল্প হলো উগ্রচন্ডা কল্প, সেখানে দুর্গা মা ছিল কালো বর্ণের, দ্বিতীয় কল্প ভদ্রকালী কল্প, সেখানে মায়ের গায়ের রং নীল এবং তৃতীয় কল্প কাত্যায়নি কল্প, যেখানে মায়ের বর্তমান সোনালী আভার রূপ। আমাদের পুজো হয় ওই ভদ্রকালী কল্পের মায়ের যে রং সেই রূপে। মায়ের বেদীতে নারায়ন শিলা থাকে, সেখানে পূজিত হন শ্রী নারায়ন। দশমীর পুজো শেষ হলে নারায়ন শিলা তুলে নেওয়া হয়, তারপর মা কে দেওয়া হয় আমিষ ভোগ। সপ্তমী অষ্টমী নবমী পুজোর সময় খিচুড়ি, পায়েস, পোলাও,লুচি, সুজি, পাঁচ ভাজা,মিষ্টি দেওয়া হয়ে থাকে। অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় মা কে আমিষ ভোগ দেওয়া হয়। দশমীর দিন পুজোর সময় দেওয়া হয় পান্তা ভাত, কচুর শাক, শাপলার টক, গন্ধরাজ লেবু এবং দুটো কাঁচা লঙ্কা।দশমীর পুজো হয়ে গেলেও মায়ের ঘট বিসর্জন হয় না। মা কে তারপর জোড়া ইলিশ দেওয়া হয়। তখন মায়ের ঘটে নিয়ম মেনে কালী পুজো করা হয়। তারপর ঘট বিসর্জন হয়।

বাড়ির প্রধান সদস্য পার্থ প্রতীম রায় বলেন, আমাদের পূর্ব পুরুষরা যে পুজো শুরু করেছিলেন,সেই পুজোতে মাঝে কিছু বছর বিঘ্ন ঘটলেও আমার ছেলের জন্য পুনরায় শুরু করতে পেরেছি। অষ্টমীর দিন এখনও আমাদের ছাগ বলি হয়, ছাগ বলির মাংস তন্ত্র মতে মহাপ্রসাদ বলা হয়, সেটি দুর্গা মা কে সন্ধি পুজোর সময় নিবেদন করা হয়। মায়ের আশীর্বাদ থাকলে আমরা আমাদের পুজো আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাব।

কৃষ্ণনগরের বেজিখালির রায়বংশ পরিবারের এই তিন শতাব্দীরও বেশি পুরনো পূজো শুধু ধর্মীয় আচার নয়, বরং ঐতিহ্য, আস্থা ও পারিবারিক বন্ধনের অমূল্য সম্পদ।
© #KJM #KRISHNANAGAR
#DURGAPUJO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *