Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy C (3)

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের মতো ময়দানেও যোগাভ্যাসের মাধ্যমে দিবসটি পালন করা হয় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সচিব সৃঞ্জয় বোস, সভাপতি দেবাশিস দত্ত এবং এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যরা।

এদিনের অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বহু কচিকাঁচাকে বিভিন্ন যোগাসন করতে দেখা যায়। যোগ প্রশিক্ষক সন্দীপ পালের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন শারীরিক ও মানসিক সুস্থতার অনুশীলনে অংশ নেন। ক্লাব কর্তাদের মতে, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়।

সচিব সৃঞ্জয় বোস বলেন, কলকাতার ময়দানে যোগ দিবস পালনের প্রচলন খুব বেশি নেই। তবে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, যোগচর্চার পাশাপাশি দেশের ক্রীড়াক্ষেত্র, বিশেষ করে ফুটবলেরও উন্নতি হোক। সভাপতি দেবাশিস দত্ত জানান, বছরে একটি দিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছর নিয়মিত যোগাভ্যাস করা প্রয়োজন।

যোগ দিবসের আবহেই ক্লাব কর্তারা দেশের ফুটবল প্রশাসনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়েও মত প্রকাশ করেন। সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নাম পরিবর্তন করে ‘ফুটবল ফেডারেশন অফ ভারত’ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে বিশেষ সাধারণ সভায়। পাশাপাশি ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সঙ্গে ‘বন্দে মাতরম’ গাওয়ার প্রস্তাবও আলোচনায় এসেছে। ক্লাব কর্তারা মনে করেন, দেশের ফুটবলের সার্বিক উন্নয়ন ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *