অভাব, অনটন আর কঠোর সংগ্রামকে সঙ্গী করেই ছৌ নৃত্যের প্রতি ভালোবাসা ধরে রেখেছিলেন তাঁরা। সেই দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি হিসেবে এবার সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত হতে চলেছেন পুরুলিয়ার দুই ছৌ শিল্পী নৃপেন সহিস ও সোমনাথ মাহাতো। তাঁদের এই সাফল্যে গর্বিত শুধু পুরুলিয়া নয়, গোটা বাংলা।
পুরুলিয়া ১ নম্বর ব্লকের বালিগাড়া গ্রামের বাসিন্দা ৫৪ বছরের নৃপেন সহিস ২০২৪ সালের নৃত্য বিভাগে আকাদেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বাঘমুন্ডির কুশলডি গ্রামের ২৫ বছরের সোমনাথ মাহাতো ২০২৫ সালের লোকনৃত্য বিভাগে উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পাচ্ছেন।
শৈশব থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই ছিল নৃপেনের নিত্যসঙ্গী। অনেক দিন অর্ধাহারে কাটাতে হয়েছে তাঁকে ও তাঁর পরিবারকে। তবুও দাদু রাসু সহিসের হাত ধরে শেখা ছৌ নাচের সাধনা কখনও থামেনি। আজও তিনি কৃষ্ণ, গণেশ, কার্তিক কিংবা মহিষাসুরের চরিত্রে মঞ্চ মাতিয়ে চলেছেন। তাঁর দুই ছেলেও বাবার পথ অনুসরণ করে ছৌ নাচের সঙ্গে যুক্ত।
অন্যদিকে সোমনাথ মাহাতোর জীবনেও ছিল সংগ্রামের ছাপ। পরিযায়ী শ্রমিক বাবার উৎসাহ ও প্রশিক্ষণেই ছৌ নাচে হাতেখড়ি তাঁর। সংসারের চাপে পরিবারকে ছোট মুদি দোকান চালাতে হলেও শিল্পচর্চা থেমে থাকেনি। দেশ-বিদেশে ছৌ নৃত্য পরিবেশন করে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন তিনি।
দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় এবং লোকসংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসার ফলস্বরূপ এই সম্মান অর্জন করেছেন দুই শিল্পী। তাঁদের সাফল্য নতুন প্রজন্মের শিল্পীদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা।