ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ১৪ জুন, রবিবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সাধারণত রবিবার মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে শুরু হলেও পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সাহায্য করতে এ দিন এক ঘণ্টা আগে থেকেই পরিষেবা চালু করা হবে।
মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) উভয় রুটেই সকাল ৮টা থেকে মেট্রো চলাচল শুরু হবে। দুই প্রান্তিক স্টেশন থেকেই একই সময়ে প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর রবিবারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিষেবা চালু থাকবে।
এ দিন পরীক্ষার্থীদের বাড়তি চাপ সামলাতে অতিরিক্ত মেট্রোও চালানো হবে। ব্লু লাইনে সাধারণত রবিবার ১৫২টি মেট্রো চললেও এ দিন চলবে ১৫৬টি ট্রেন। একইভাবে গ্রিন লাইনে ১০৮টির পরিবর্তে ১১২টি মেট্রো পরিষেবা দেওয়া হবে।
তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যান্য রবিবারের মতোই নির্ধারিত সময়ে শেষ ট্রেন চলবে। শুধুমাত্র সকালের পরিষেবা বৃদ্ধি করা হয়েছে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে।
কলকাতা মেট্রোর এই উদ্যোগে উপকৃত হবেন হাজার হাজার পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। পরীক্ষার দিন যানজট বা পরিবহণ সংক্রান্ত সমস্যার আশঙ্কা কমাতে আগেভাগে মেট্রো চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। ফলে রবিবার সকালে শহরের দুই গুরুত্বপূর্ণ মেট্রো করিডরে স্বাভাবিকের তুলনায় বেশি পরিষেবা মিলবে।