বিশ্বকাপের প্রস্তুতিতে দারুণ ছন্দে থাকলেও নতুন উদ্বেগের মুখে পড়েছে ব্রাজিল শিবির। মিশরের বিরুদ্ধে প্রীতি ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছেন তরুণ ডিফেন্ডার ওয়েসলি। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ কার্লো আন্সেলোত্তিকে।
সম্প্রতি দুটি প্রস্তুতি ম্যাচে আটটি গোল করেছে ব্রাজিল এবং গোলদাতাদের তালিকায় রয়েছেন আটজন ভিন্ন ফুটবলার। আক্রমণভাগে দলের গভীরতা যথেষ্ট হলেও সাইড-ব্যাক পজিশনে বিকল্পের অভাব রয়েছে। সেই কারণেই মিশরের বিরুদ্ধে ডানদিকের রক্ষণে ওয়েসলিকে সুযোগ দিয়েছিলেন আন্সেলোত্তি। কিন্তু ম্যাচের প্রথম দিকেই বাঁ কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। যন্ত্রণায় কাতর ওয়েসলিকে কিছুক্ষণ মাঠের ধারে বসে থাকতে দেখা যায়। পরে খুঁড়িয়ে মাঠের বাইরে চলে যান তিনি।
ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ পরে নিশ্চিত করে যে, চোটের কারণে বিশ্বকাপে আর খেলা হবে না ওয়েসলির। তাঁর পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে এডারসনকে। এর মধ্যেই দলের অন্যতম তারকা নেইমারের ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। চোট কাটিয়ে তিনি দলের সঙ্গে থাকলেও এখনও আলাদা অনুশীলন করছেন এবং প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
এদিন ম্যাচে প্রথমে ব্রুনো গুইমারেজের গোলে এগিয়ে যায় ব্রাজিল। পরে সমতা ফেরান মিশরের মোস্তাফা জিকো। দ্বিতীয়ার্ধে এনড্রিকের করা গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেকাওরা। তবে জয়ের আনন্দের মাঝেও ওয়েসলির ছিটকে যাওয়া ব্রাজিল শিবিরে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।