লিপুলেখ গিরিপথকে কেন্দ্র করে ভারত-নেপাল সম্পর্কের টানাপোড়েনের আবহেই নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন দুই দেশের বিদেশমন্ত্রী। শনিবার ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে সাক্ষাতের পর ভারতকে ‘অর্থনীতির চালিকা শক্তি’ বলে উল্লেখ করেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। তাঁর এই মন্তব্য কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তিন দিনের ভারত সফরে এসে শিশির খানাল জানান, সীমান্তের ওপারে ভারতকে একটি দ্রুত বিকাশমান প্রযুক্তি ও অর্থনৈতিক শক্তি হিসেবে দেখছে নেপাল। তিনি বলেন, নতুন ভারতের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে চায় কাঠমান্ডু। তাঁর মতে, নেপাল-ভারত সম্পর্ককে পুরনো ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার গণ্ডি থেকে বের করে উন্নয়ন, বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়াই বর্তমান নেতৃত্বের লক্ষ্য।
জয়শংকরের সঙ্গে বৈঠকে বাণিজ্য, আন্তঃসীমান্ত যোগাযোগ, জ্বালানি সহযোগিতা, জলসম্পদ ব্যবস্থাপনা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশই উন্মুক্ত সীমান্তকে প্রবৃদ্ধি ও সংযোগ বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করার ব্যাপারে একমত হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ লিপুলেখ গিরিপথ ইস্যুতে চিন ও ব্রিটেনের সঙ্গে আলোচনা চাওয়ায় বিতর্ক তৈরি হয়। পাশাপাশি তিনি সীমান্ত সংক্রান্ত কিছু মন্তব্য করায় দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দেয়। এর জবাবে ভারত স্পষ্ট জানিয়ে দেয় যে, ভারত-নেপাল সম্পর্কের বিষয় দ্বিপাক্ষিক এবং এতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে নেপালের বিদেশমন্ত্রীর ইতিবাচক বার্তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।