Your paragraph text

গৌতম মুখোপাধ্যায়, কলকাতা: মাঠের বাইশ গজ হোক বা টেলিভিশনের রিয়েলিটি শো—সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বাড়তি উন্মাদনা। দীর্ঘ বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরছেন বাঙালির প্রিয় ‘দাদা’। তবে এবার আর ‘দাদাগিরি’ নয়, দর্শকদের চমকে দিয়ে তিনি পা রাখতে চলেছেন ‘বিগ বস্ বাংলা’-র মঞ্চে। সঞ্চালকের ভূমিকায় সৌরভের এই নতুন ইনিংস নিয়ে ইতিমধ্য়েই তুঙ্গে জল্পনা।

বেশ কয়েক বছর পর বাংলায় ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস্’। তবে এবারের সিজনটি হতে চলেছে একদম আলাদা। সূত্রের খবর, শো-টির ফর্ম্যাট এবং পরিবেশনায় বড়সড় রদবদল আনা হয়েছে। আর সেই ভোলবদলকে আরও আকর্ষণীয় করে তুলতেই ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে আনা হয়েছে মহারাজকে।

সঞ্চালক হিসেবে সৌরভের জনপ্রিয়তা প্রশ্নাতীত। এর আগে দাদাগিরিতে তাঁর সহজাত আড্ডা এবং বুদ্ধিমত্তা দর্শকদের মুগ্ধ করেছে। তবে ‘বিগ বস্’-এর মতো একটি বিতর্কিত ও উত্তেজনাপূর্ণ শো-তে তিনি নিজেকে কীভাবে তুলে ধরেন, সেটাই এখন দেখার বিষয়। ইডেনের সেই পরিচিত মেজাজ কি এবার ধরা দেবে বিগ বসের অন্দরে?

শুধু সৌরভ নন, শোনা যাচ্ছে এবারের সিজনে প্রতিযোগী এবং অতিথি হিসেবেও থাকতে পারেন একঝাঁক নামী-দামী তারকা। বিনোদন জগৎ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার—সব মিলিয়ে এক রোমাঞ্চকর ‘লাইন-আপ’ তৈরি করছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *