বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য কিছুটা দুশ্চিন্তার খবর। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে হওয়ার কথা থাকলেও তা এখন অনিশ্চয়তার মুখে। আইসিসি-র সাম্প্রতিক এক বার্তায় ইঙ্গিত মিলেছে যে, বিশেষ কিছু সমীকরণের কারণে এই হাই-ভোল্টেজ ম্যাচ কলকাতা থেকে সরে শ্রীলঙ্কার কলম্বোতে চলে যেতে পারে।
আইসিসি এবং বিসিসিআই-এর পূর্ব চুক্তি অনুযায়ী, পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তবে নিরাপত্তার কারণে তাদের ম্যাচ ভারতে হবে না। কিন্তু নতুন আপডেট অনুযায়ী, শুধু পাকিস্তান নয়, শ্রীলঙ্কার সাফল্যের ওপরও নির্ভর করছে ইডেনের ভাগ্য।
পাকিস্তান সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচটি সরাসরি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হবে। কারণ পাকিস্তান এই টুর্নামেন্টের কোনো ম্যাচই ভারতে খেলবে না। শ্রীলঙ্কা এই বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। আইসিসি জানিয়েছে, যদি পাকিস্তান সেমিফাইনালে নাও ওঠে কিন্তু শ্রীলঙ্কা ওঠে, তবে তাদের সমর্থকদের কথা মাথায় রেখে ম্যাচটি কলম্বোতে করা হতে পারে। যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তাদের প্রতিপক্ষ ভারত না হয়, তবেই ম্যাচটি ইডেন থেকে সরবে। তবে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হলে ম্যাচটি ভারতেই থাকার সম্ভাবনা বেশি।
ইডেন গার্ডেন্স তখনই সেমিফাইনাল আয়োজন করতে পারবে যদি: পাকিস্তান এবং শ্রীলঙ্কা—উভয় দলই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায়। আইসিসি সম্প্রচারকারী সংস্থাগুলোকে জানিয়েছে যে, প্রথম সেমিফাইনালের ভেন্যু এখন একটি ‘ফ্লোটিং অ্যারেঞ্জমেন্ট’ বা পরিবর্তনশীল ব্যবস্থার মধ্যে রয়েছে। অর্থাৎ, সুপার এইট পর্ব শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ৪ মার্চের সেই মহারণ তিলোত্তমায় হবে কি না।