ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই আজ সাক্ষী হতে চলেছে এক অনন্য কূটনৈতিক মুহূর্তের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ আজ এক দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন। মূলত প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতেই এই উচ্চপর্যায়ের বৈঠক।
দীর্ঘ প্রতীক্ষিত রাফাল-মেরিন (Rafale-M) যুদ্ধবিমান এবং অতিরিক্ত স্করপিয়ন সাবমেরিন তৈরির বিষয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে ফ্ররাসি প্রযুক্তিতে ভারতে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহারের লক্ষে দুই দেশ একযোগে কাজ করার রোডম্যাপ তৈরি করতে পারে।জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সৌরবিদ্যুৎ এবং গ্রিন হাইড্রোজেন প্রকল্পে ফ্রান্সের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্স ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত কৌশলগত বন্ধু। বিশ্ব রাজনীতিতে যখন দ্রুত সমীকরণ পাল্টাচ্ছে, তখন মুম্বইয়ের এই বৈঠক এশিয়ায় ফ্রান্সের প্রভাব এবং ভারতের বৈশ্বিক নেতৃত্বকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।