বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের ধারায় এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে আগামীকাল। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে দেশের নতুন সরকার। এই সরকারের নেতৃত্ব দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতা তারেক রহমান।
আগামীকাল বঙ্গভবনে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতির উপস্থিতিতে এই শপথ বাক্য পাঠ করানো হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।
প্রতিবেশী দেশ ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সংহতি জানাতে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভারতের বিশেষ প্রতিনিধি। ভারত সরকারের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।
ভারতের এই উচ্চপর্যায়ের অংশগ্রহণকে বিশ্লেষকরা দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন।নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। বিশেষ করে অর্থনৈতিক সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবিলাই হবে এই সরকারের প্রধান লক্ষ্য।