অঙ্কিত সিনহা : লের টিকিট কাটতে গিয়ে ‘ওয়েটিং লিস্ট’ দেখে কপালে ভাঁজ পড়ার দিন এবার শেষ হতে চলেছে। যাত্রীদের স্বস্তি দিতে দক্ষিণ-পূর্ব রেলওয়ে যেন এক পশলা বৃষ্টির মতো সুখবর নিয়ে এলো। এক ধাক্কায় একগুচ্ছ দূরপাল্লার ট্রেনে বাড়ানো হলো কোচের সংখ্যা। লক্ষ্য একটাই— কনফার্ম টিকিটের হাহাকার কমিয়ে যাত্রীদের মুখে হাসি ফোটানো।
সাধারণত লম্বা ছুটির সময় বা উৎসবের আগে ট্রেনের টিকিট পাওয়া মানেই হিমালয় জয় করা। কিন্তু সেই ট্র্যাডিশন ভাঙতে এবার ময়দানে নামল দক্ষিণ-পূর্ব রেল। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ছেড়ে যাওয়া একাধিক জনপ্রিয় ট্রেনে অতিরিক্ত স্থায়ী ও অস্থায়ী কোচ যুক্ত করা হচ্ছে।
এক নজরে নতুন কী সুবিধা মিলছে :
অতিরিক্ত সাধারণ ও স্লিপার ক্লাস যুক্ত হওয়ার ফলে সাধারণ মানুষের জন্য যাতায়াত আরও সাধ্যের মধ্যে আসবে।যারা আরামদায়ক সফরের জন্য থার্ড এসি বা সেকেন্ড এসির ওপর ভরসা করেন, তাদের জন্য বাড়তি বার্থের ব্যবস্থা করা হয়েছে।আগে যেখানে ওয়েটিং লিস্ট ১০০ পার হলে টিকিট কনফার্ম হওয়ার আশা থাকত না, এখন সেই সম্ভাবনা বহুগুণ বেড়ে গেল।
মূলত ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ভারতগামী ট্রেনগুলিতেই এই বিশেষ জোর দেওয়া হয়েছে। দিঘা বা পুরী যাওয়ার জন্য যারা শেষ মুহূর্তে টিকিট না পেয়ে হতাশ হতেন, তাঁদের জন্য এই সিদ্ধান্ত এক বিশাল বড় প্রাপ্তি।