গৌতম মুখোপাধ্যায় : বাংলা সংগীত জগতের দুই নক্ষত্রের মহামিলন! কিংবদন্তি গায়িকা লোপামুদ্রা মিত্রের জন্মদিনে এক ফ্রেমে ধরা দিলেন টলিউড ও বলিউডের হার্টথ্রব অরিজিৎ সিং। কোনো জাঁকজমকপূর্ণ পার্টি নয়, বরং ঘরোয়া আমেজ আর নিখাদ ভালোবাসায় কাটল লোপামুদ্রার বিশেষ এই দিনটি। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ও ভিডিও আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে।
নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে স্ত্রী কোয়েলকে সঙ্গে নিয়ে লোপামুদ্রার বাড়িতে হাজির হয়েছিলেন অরিজিৎ। পরনে অতি সাধারণ পোশাক, মুখে সেই পরিচিত হাসি— অরিজিতের এই সাধারণ জীবনযাপন আবারও মুগ্ধ করেছে অনুরাগীদের। লোদামুদ্রার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে কোনো খামতি রাখেননি এই গায়ক।

জন্মদিন মানেই বাঙালির পাতে পায়েস মাস্ট! এদিন লোপামুদ্রাকে নিজের হাতে পায়েস খাইয়ে দিতে দেখা যায় অরিজিৎকে। অন্যদিকে, টলিউড কুইন কোয়েল মল্লিক সশরীরে উপস্থিত থাকতে না পারলেও পাঠিয়েছেন একগুচ্ছ সুন্দর ফুল ও শুভেচ্ছা বার্তা। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসায় সিক্ত হলেন গায়িকা।
প্রসঙ্গত, কদিন আগেই প্লে ব্যাকের দুনিয়া থেকে অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অরিজিৎ সিং। তবে তাতে অবশ্য সুরের সফর থামছে না। অরিজিৎ আসবেন অন্য কোনো ভাবে। যার ছোঁয়া ইতিমধ্যেই পেয়েছে তিলোত্তমা। রবিবার রাতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে কিংবদন্তি সেতার বাদক অনুষ্কা শঙ্কর এবং বিক্রম ঘোষের সঙ্গে এক মঞ্চে ধরা দিলেন গায়ক। যা ছুঁয়ে গিয়েছে হাজার হাজার মানুষের মন। অনুরাগীদের একাংশের মতে, প্লেব্যাকের যে চাপ অরিজিতের উপর ছিল, এখন তা কাটিয়ে অনেকটাই মুক্ত তিনি। আসলে অরিজিৎ বারবার প্রমাণ করেন, তাঁর শিল্পী সত্বাকে কোনো বাধাধরা গণ্ডিতে আটকে রাখা সম্ভব নয়। মুক্ত বিহঙ্গের মতো আকাশের মতোই তিনি অপরিসীম।