গৌতম মুখোপাধ্যায় : অপেক্ষার অবসান হতে চলেছে ভারতীয় ফুটবল প্রেমীদের। আগামী ১৪ ফেব্রুয়ারি, সরস্বতী পূজা ও ভ্যালেন্টাইনস ডে-র আবহে শহর কলকাতায় বসতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২৬ সিজনের রাজকীয় উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতার ফুটবল মক্কা অর্থাৎ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের অন্যতম সফল দল মোহনবাগান সুপার জায়ান্ট এবং দক্ষিণের শক্তিশালী ক্লাব কেরালা ব্লাস্টার্স।
ঘরের মাঠে হাজার হাজার সমর্থকের গর্জনের সামনে নতুন মরসুম জয় দিয়ে শুরু করতে মরিয়া মেরিনার্সরা। দলের নতুন কম্বিনেশন এবং হাই-প্রোফাইল সাইনিংদের দেখার জন্য মুখিয়ে আছে বাগান জনতা।কেরালা ব্লাস্টার্স বরাবরই মোহনবাগানের জন্য কঠিন প্রতিপক্ষ। মানজাপ্পাদা ব্রিগেডের আক্রমণাত্মক ফুটবল যুবভারতীর গ্যালারিতে উত্তেজনার পারদ চড়াবে নিশ্চিত।জানা গেছে, লিগ শুরুর আগে থাকবে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। টলিউড ও বলিউডের একাধিক তারকার উপস্থিতিতে ফুটবলের এই মেগা ইভেন্টের পর্দা উঠবে।
মোহনবাগান শিবির সূত্রে খবর, কোচ ইতিমধ্যেই স্ট্র্যাটেজি সাজাতে শুরু করেছেন। অন্যদিকে, কেরালা ব্লাস্টার্সও কলকাতায় পা রাখার আগে নিজেদের প্রস্তুতি সেরে রাখছে। দুই দলের লড়াই মানেই মাঠের ভেতর ও বাইরে কথার লড়াই এবং টানটান উত্তেজনা। টিকিটের চাহিদা এখন থেকেই তুঙ্গে, যা ইঙ্গিত দিচ্ছে যে উদ্বোধনী দিনেই যুবভারতী হতে চলেছে ‘হাউসফুল’।