টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হওয়ার কথা থাকলেও, ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পাকিস্তান সরকার ও পিসিবি’র অনড় অবস্থানের কারণে বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেট ভক্ত এখন উৎকণ্ঠায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নিরাপত্তা অজুহাতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিলে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান সরকার জানিয়ে দেয়, তারা বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলবে না।
এই অচলাবস্থা নিরসনে গতকাল রোববার লাহোরে আইসিসি প্রতিনিধিদের সাথে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠকে পিসিবি তিনটি শর্ত দিয়েছে বলে জানা গেছে: 1.বাংলাদেশকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। 2. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের একক দায়িত্ব পাকিস্তানকে দিতে হবে।3. ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরুর ব্যাপারে আইসিসি-কে মধ্যস্থতা করতে হবে।
বৈঠক শেষে মহসিন নকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত কেবল ক্রিকেট বোর্ডের হাতে নেই; এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। তিনি আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে জরুরি বৈঠকে বসবেন। পিসিবি সূত্রমতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নিশ্চিত হওয়া যাবে পাকিস্তান ১৫ ফেব্রুয়ারির ম্যাচে মাঠে নামবে কি না।