মৌমিতা সিনহা : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী রচনা ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উদযাপনে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ প্রোটোকল জারি করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, এখন থেকে দেশের সমস্ত সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত ‘জনগণমন’-র পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর প্রথম ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

১৮৭৬ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি রচনা করেছিলেন। তাঁর সেই অমর সৃষ্টির ১৫০ বছর উপলক্ষে দেশজুড়ে দেশপ্রেমের জোয়ার আনতেই এই সিদ্ধান্ত।আগে সাধারণত বন্দে মাতরমের প্রথম দুই স্তবক গাওয়া হতো। তবে নতুন প্রোটোকলে মূল গানের প্রথম ৬টি স্তবককে গুরুত্ব দেওয়া হয়েছে।জাতীয় সংগীত গাওয়ার সময় যে নিয়ম ও শৃঙ্খলা মানা হয়, ‘বন্দে মাতরম’ গাওয়ার ক্ষেত্রেও সমমর্যাদা এবং প্রোটোকল মেনে চলতে হবে।কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দফতর, স্কুল-কলেজ এবং বিশেষ প্রশাসনিক অনুষ্ঠানে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম’ গানটি ছিল বিপ্লবীদের প্রধান অনুপ্রেরণা। ১৯৫০ সালে ভারতের গণপরিষদ এটিকে ‘জাতীয় স্তোত্র’ (National Song) হিসেবে স্বীকৃতি দেয় এবং মর্যাদা অনুযায়ী জাতীয় সংগীতের সমান করার ঘোষণা করা হয়েছিল। বঙ্কিমচন্দ্রের এই সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে আরও প্রাসঙ্গিক করে তুলতেই কেন্দ্র এই ‘বন্দে মাতরম প্রোটোকল’ নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *