পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে চলা টানাপড়েনে বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যে সময়সীমা ছিল, তা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে চূড়ান্ত তালিকা ফেব্রুয়ারির ২১ তারিখ নাগাদ প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটি আবেদনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেয়। রাজ্য সরকার অভিযোগ করেছিল, তথ্যগত ত্রুটি বা সামান্য নামের বানানে ভুলের কারণে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্ক্রুটিনি বা তথ্য যাচাইয়ের জন্য ইআরও (ERO)-দের হাতে পর্যাপ্ত সময় নেই। এই বিষয়টি বিবেচনা করেই আদালত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ডেডলাইন ১৪ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি করা হয়েছে।সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, আজ বিকেলের মধ্যে ৮,৫০০ জন সরকারি আধিকারিকের (Group B) একটি তালিকা নির্বাচন কমিশনকে জমা দিতে হবে।আদালত স্পষ্ট করে দিয়েছে যে, নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো-অবজার্ভাররা শুধুমাত্র ইআরও-দের কাজে সহায়তা করবেন। কোনো ভোটারের নাম রাখা বা বাদ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁদের নেই; এই ক্ষমতা থাকবে শুধুমাত্র ইআরও এবং এইআরও-দের হাতেই।ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি এবং কিছু জায়গায় ফর্ম পোড়ানোর অভিযোগ ওঠায় রাজ্যের পুলিশ মহাপরিচালককে (DGP) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত।