মৌমিতা সিনহা : ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে এক যুগান্তকারী সমঝোতার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার পর ট্রাম্প জানিয়েছেন, ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক এক ধাক্কায় অনেকটা কমিয়ে আনা হচ্ছে। তবে এর বিনিময়ে ভারতের জ্বালানি আমদানির ধরনে বড়সড় পরিবর্তনের দাবি তুলেছেন তিনি।

গত বছর ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার কাছ থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতীয় পণ্যের ওপর আমেরিকা প্রায় ৫০% শুল্ক চাপিয়েছিল। নতুন চুক্তি অনুযায়ী, সেই শুল্ক কমিয়ে এখন ১৮% করা হয়েছে। এর ফলে ভারতের টেক্সটাইল, গয়না, চামড়া ও আইটি খাতের রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারে বড় সুবিধা পাবেন।মার্কিন পণ্যের জন্য ভারতের দরজা খুলে দিলেও দেশীয় কৃষক ও পশুপালকদের স্বার্থ রক্ষায় কোনো আপস করা হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

বাণিজ্য চুক্তির ঘোষণা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানান, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে এবং এর পরিবর্তে আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করবে। ট্রাম্পের মতে, এই পদক্ষেপ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সহায়তা করবে। তবে ভারতের পক্ষ থেকে এখনও ‘রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ’ করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরগুলোতে ভারত আমেরিকা থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের প্রযুক্তি, জ্বালানি ও অন্যান্য পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (LNG) এবং উন্নত চিপ বা সেমিকন্ডাক্টর প্রযুক্তির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *