শহরবাসীর অভাব-অভিযোগ সরাসরি শোনার জন্য অত্যন্ত জনপ্রিয় কর্মসূচি ‘টক টু মেয়র’ আবারও চালু হতে চলেছে। বেশ কয়েক সপ্তাহের বিরতির পর আজ, শুক্রবার থেকেই কলকাতার নাগরিকরা ফের তাঁদের সমস্যার কথা সরাসরি মেয়রের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন।
কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে, আজ বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। নাগরিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফোন করে রাস্তাঘাট, জলনিকাশি বা জঞ্জাল সাফাই সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে পারবেন।
মাঝখানে প্রশাসনিক কিছু ব্যস্ততা এবং বিশেষ কারণে কয়েক সপ্তাহ এই সরাসরি কথোপকথনের পর্বটি বন্ধ রাখা হয়েছিল। তবে নাগরিকদের পক্ষ থেকে আসা অসংখ্য অনুরোধ এবং দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে মেয়র আবারও এই পরিষেবা সচল করার নির্দেশ দিয়েছেন।