কলকাতা: মাস খানেক আগেই তাঁর একটি মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। জল্পনা শুরু হয়েছিল, তবে কি প্লে-ব্যাক বা সিনেমার গান গাওয়া থেকে চিরতরে সরে দাঁড়াচ্ছেন অরিজিৎ সিং? বিষণ্ণ হয়ে পড়েছিলেন কোটি কোটি ভক্ত। কিন্তু সেই মেঘ কাটিয়ে এবার খোদ অরিজিৎ নিজেই দিলেন সুখবর। জানিয়ে দিলেন, এখনই তাঁর কণ্ঠ হারিয়ে যাচ্ছে না সিনেমার পর্দা থেকে।
সম্প্রতি একটি স্টেজ শো চলাকালীন অরিজিৎ মন্তব্য করেছিলেন যে, তিনি হয়তো খুব শীঘ্রই ছবির গানের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেবেন। তাঁর এই ‘অবসর’ ইঙ্গিত পাওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। অনেকেই মনে করেছিলেন, বলিউডের লাইমলাইট থেকে দূরে গিয়ে নিজের মতো করে স্বাধীন সঙ্গীতচর্চায় মন দিতে চান মুর্শিদাবাদের ভূমিপুত্র।
এক মাসের মাথায় ফের মুখ খুললেন অরিজিৎ। সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ওঠা সমস্ত জল্পনায় জল ঢেলে তিনি স্পষ্ট জানান:
“ছবিতে আমার গান শুনতে পাবেন। আমি এখনই কোথাও যাচ্ছি না।”
গায়ক জানান, তাঁর আগের মন্তব্যটিকে হয়তো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি গান গাওয়া বন্ধ করছেন না, বরং কাজের ধরণে কিছুটা পরিবর্তন বা বাছবিচার করার কথা ভেবেছিলেন। সিনেমার গানের জগতে নেপথ্য গায়ক হিসেবে তাঁর সফর যে এখনই থামছে না, সেই বার্তায় এখন স্বস্তিতে অনুরাগীরা।
অরিজিৎ সিং বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালোবাসেন। মাঝেমধ্যেই তাঁকে বলতে শোনা যায় যে, গায়কদেরও একটা সময় বিরতি নেওয়া উচিত যাতে নতুনরা সুযোগ পায়। তাঁর এই বিনয়ী স্বভাব থেকেই ‘অবসর’ নেওয়ার জল্পনা দানা বেঁধেছিল। তবে নতুন বার্তায় তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, আপকামিং বেশ কিছু বড় প্রজেক্টে তাঁর কণ্ঠ শোনা যেতে চলেছে।