গৌতম মুখোপাধ্যায় : সুপ্রিম লকোর্টে আবারও ঝুলে রইল আইপ্যাক (I-PAC) দফতরে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হস্তক্ষেপ’ সংক্রান্ত মামলা। আজ, মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল। তবে মুখ্যমন্ত্রীর প্রধান আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

গত ৮ জানুয়ারি কয়লা পাচার মামলার তদন্তে কলকাতার আইপ্যাক অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ: ইডির দাবি, তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেন। ইডি অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল এবং ইলেকট্রনিক ডিভাইস (হার্ড ড্রাইভ ও ফোন) নিজের সঙ্গে নিয়ে চলে আসেন, যা তদন্তের স্বার্থে অত্যন্ত জরুরি ছিল। ইডির আবেদনে দাবি করা হয়েছে, রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তদন্তকারীদের ভয় দেখানো হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘চুরি’ ও ‘ডাকাতি’র মতো ধারায় মামলার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

সকাল থেকেই রাজনৈতিক মহলের নজর ছিল দিল্লির শীর্ষ আদালতের দিকে। কিন্তু শুনানি শুরু হতেই কপিল সিব্বলের অসুস্থতার কথা জানিয়ে সময় চাওয়া হয়। ইডির পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা এতে কোনো আপত্তি না জানানোয় ১৮ ফেব্রুয়ারি দিনটি চূড়ান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *