অঙ্কিত সিনহা : দোর গোড়ায় ২৬ এর মহারন। আর তার আগেই শহরের ভাঙাচোরা রাস্তাঘাট ভোলবদল করতে কোমর বেঁধে নামছে কলকাতা পুরসভা। শহরজুড়ে মোট ২৮টি গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত মেরামতের সিদ্ধান্তে সিলমোহর দিল পুর কর্তৃপক্ষ। তবে এই মেগা প্রকল্পের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলেই সাফ দাবি পুরপ্রশাসনের।
পুরসভা সূত্রে খবর, শহরের উত্তর থেকে দক্ষিণ—একাধিক গুরুত্বপূর্ণ ও সংযোগকারী রাস্তা এই তালিকায় রয়েছে। মূলত বর্ষার দাপটে এবং দীর্ঘদিনের ব্যবহারের ফলে যে রাস্তাগুলোর অবস্থা বেহাল ছিল, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
- প্রকল্পের লক্ষ্য: মসৃণ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা।
- রাস্তার সংখ্যা: ২৮টি প্রধান ও সংযোগকারী রাস্তা।
- কাজের ধরন: প্যাচওয়ার্কের বদলে মূলত বিটুমিনাস আস্তরণ দিয়ে রাস্তা নতুন করে বাঁধানো হবে।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই তৎপরতাকে বিরোধী শিবির ‘চমক’ হিসেবে দেখলেও, পুর কর্তৃপক্ষ তা মানতে নারাজ। পুরসভার এক শীর্ষ আধিকারিকের দাবি:
“রাস্তা মেরামত একটি ধারাবাহিক প্রশাসনিক প্রক্রিয়া। বর্ষার পর অনেক রাস্তা খারাপ হয়েছিল, যা সারানোর পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা কেবল নাগরিক পরিষেবায় জোর দিচ্ছি।”
কলকাতা পুরসভার অন্দরের খবর অনুযায়ী, বেশ কিছু এলাকায় রাস্তার বেহাল দশা নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভ বাড়ছিল। নির্বাচনের আগে সেই ক্ষোভ প্রশমিত করতে এবং সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমাতে দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করতে চাইছে টাউন হল।