সোমবার সপ্তাহের শুরুতেই রাজধানী দিল্লিতে বড়সড় নাশকতার আতঙ্ক ছড়িয়ে পড়ল। দিল্লির একাধিক নামী বেসরকারি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর তড়িঘড়ি স্কুলগুলি খালি করে দেওয়া হয় এবং পুলিশ ও বম্ব স্কোয়াড তল্লাশি অভিযান শুরু করে।

আজ সকাল থেকেই দিল্লির আর.কে পুরম, দ্বারকা এবং চাণক্যপুরী এলাকার বেশ কিছু নামী স্কুলের প্রশাসনিক ই-মেইল আইডিতে একটি উড়ো মেইল আসে। সেখানে দাবি করা হয়, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা আছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা বিস্ফোরণ ঘটানো হবে। মেইলটি নজরে আসতেই স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

খবর পাওয়া মাত্রই দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড (BDS) ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার খাতিরে দ্রুততার সাথে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের স্কুল ভবন থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।ডগ স্কোয়াড এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ক্লাসরুম, খেলার মাঠ ও লকার চেক করা হচ্ছে।খবর ছড়িয়ে পড়তেই স্কুলের গেটে উদ্বিগ্ন অভিভাবকদের ভিড় জমে যায়। অনেক স্কুল কর্তৃপক্ষ মেসেজ পাঠিয়ে অভিভাবকদের অনুরোধ করেছেন সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য।গত বছরও দিল্লিতে একইভাবে একাধিক স্কুলে মেইল পাঠিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছিল, যা পরে ভুয়ো বলে প্রমাণিত হয়। এবারও পুলিশ খতিয়ে দেখছে এটি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *