আর মাত্র তিন দিনের অপেক্ষা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর আসর। বিশ্বজয়ের মূল লড়াইয়ে নামার আগে আজ নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
গত টি-২০ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট যখন প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়, তখন তাকে নেহাত ‘প্র্যাকটিস ম্যাচ’ বলার উপায় থাকে না। অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্য আজকের ম্যাচটি মূলত কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ।
ওপেনিং জুটিতে অভিষেক শর্মা ও ঈশান কিষাণ কেমন ছন্দে আছেন এবং তিলক বর্মার চোট-পরবর্তী ফিটনেস দেখে নেওয়া আজ টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য হবে।জাসপ্রিত বুমরাহ ও হার্ষিত রানাদের গতির সামনে এইডেন মার্করামের প্রোটিয়া বাহিনী কতটা প্রতিরোধ গড়ে তোলে, সেদিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের।
বিশ্বকাপের আগে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। ভারত ইতিমধ্যে তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া ‘ইন্ডিয়া এ’ দলকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ খেলিয়েছে। তবে আজই প্রথম মূল স্কোয়াড পূর্ণ শক্তিতে মাঠে নামছে। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।