Your paragraph text (1)

শুক্রবার বেলা বাড়তেই রাজ্যের একাধিক জেলায় অবস্থিত ডাকঘর এবং পাসপোর্ট অফিসে এল বিস্ফোরক হুমকি ইমেল। ইমেলটিতে সরাসরি হুমকি দিয়ে বলা হয়েছে, “গতকালকের ঘটনাটি ছিল শুধু প্রশাসনের তৎপরতা যাচাই করার পরীক্ষা। শুক্রবারই আসল বিস্ফোরণ ঘটবে।” এই বার্তা ছড়িয়ে পড়তেই সরকারি দপ্তরগুলিতে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

শুক্রবার সকাল ১১টার পর থেকেই মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দফতরে এই হুমকি ইমেল আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে খালি করে দেওয়া হয় অফিস চত্বর। আতঙ্কিত সাধারণ মানুষ ও কর্মীরা রাস্তায় বেরিয়ে আসেন।

ইমেলের বিষয়বস্তু জানাজানি হতেই পাসপোর্ট অফিস এবং ডাকঘরগুলিতে থাকা সাধারণ মানুষ এবং কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পাওয়ার সাথে সাথেই স্থানীয় থানা এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বিভিন্ন দপ্তরে বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করেছে। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণের যাতায়াত আপাতত নিয়ন্ত্রণ করা হচ্ছে।

পুলিশ ও সাইবার শাখার আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি নিছক গুজব ছড়ানোর চেষ্টা নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। তবে আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। পরপর দু’দিন একই ধরনের হুমকিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে পাসপোর্ট অফিসের মতো জায়গায় যেখানে দূর-দূরান্ত থেকে মানুষ জরুরি কাজে আসেন, সেখানে এই ঘটনায় ব্যাপক হয়রানির সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *