বিশ্বজিৎ সাহা : রাজ্যে কয়লা পাচার মামলার তদন্তে ফের বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পাচার সিন্ডিকেটের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে আজ গ্রেফতার করা হয়েছে চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ নামে দুই প্রভাবশালী ব্যক্তিকে। দীর্ঘক্ষণ জেরার পর তাঁদের বয়ানে অসঙ্গতি মেলায় ইডি আধিকারিকরা এই চরম পদক্ষেপ গ্রহণ করেন।
ইডির দাবি, ধৃত চিন্ময় ও কিরণ দীর্ঘ সময় ধরে কয়লা পাচার চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ ‘লিঙ্ক’ হিসেবে কাজ করছিলেন। খনি এলাকা থেকে অবৈধভাবে কয়লা তোলা এবং তা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়ার নেপথ্যে তাঁদের বড় ভূমিকা ছিল। তদন্তকারী আধিকারিকদের মতে: এই দুই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। পাচারের টাকা কোথায় যেত এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছে কীভাবে পৌঁছাত, তার নীল নকশা এই দুজনের জানা ছিল বলে মনে করা হচ্ছে। এর আগে একাধিকবার তলব করা হলেও তাঁরা সঠিক তথ্য দেননি বলে অভিযোগ। আজ বয়ানে ব্যাপক অমিল পাওয়ায় তাঁদের গ্রেফতার করা হয়।
আজই ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষ ইডি আদালতে পেশ করা হবে। কেন্দ্রীয় সংস্থা তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায়। এই চক্রের মূল শিকড় কতদূর বিস্তৃত এবং এই পাচারের টাকার ভাগ আর কে কে পেতেন, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।