মৌমিতা সিনহা : রাজ্যের শিল্প মানচিত্রে বড়সড় বদলের ইঙ্গিত! উত্তর ২৪ পরগনা জেলার কাঁকপুল এলাকায় সন্ধান মিলল এক বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর ও আশাব্যঞ্জক তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক সমীক্ষার পর জানা গেছে, এই এলাকায় বিপুল পরিমাণ গ্যাসের উৎস রয়েছে যা আগামী দিনে রাজ্যের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, কাঁকপুলের এই খনিতে প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ স্ট্যান্ডার্ড কিউবিক লিটার প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে।বিশেষজ্ঞরা মনে করছেন, এই আবিষ্কারের ফলে পশ্চিমবঙ্গে সার শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং সিএনজি (CNG) সরবরাহের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে। বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হচ্ছে এই এলাকায়।ওএনজিসি (ONGC) এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলো খুব শীঘ্রই এই এলাকায় উত্তোলন প্রক্রিয়া শুরু করার জন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু করবে।
এই খবর চাউর হতেই কাঁকপুল ও সংলগ্ন এলাকায় ব্যাপক উদ্দীপনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, যদি বড় আকারে এখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয়, তবে এলাকার রাস্তাঘাট এবং সাধারণ পরিকাঠামোর ব্যাপক উন্নতি ঘটবে। পরিবেশবিদদের মতে, দূষণমুক্ত জ্বালানি হিসেবে এই প্রাকৃতিক গ্যাস ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।