জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে গতকাল ইতিহাস গড়লো ভারতের যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের হাই-ভোল্টেজ ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বসেরার মুকুট পরলো ভারত। ১৪ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর দানবীয় ব্যাটিং আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশদের স্বপ্ন ধূলিসাৎ করে দেয় ব্লু-ব্রিগেড।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনিংয়ে নেমেই ইংলিশ বোলারদের ওপর চড়াও হন বৈভব সূর্যবংশী। মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেন তিনি, যা বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। তার ইনিংসে ছিল ১৫টি ছক্কা ও ১২টি চারের মার। বৈভবের এই বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ভারত ৪১১ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়।

৪১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুটা ভালো করলেও ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। মিডল অর্ডারে অধিনায়ক হ্যামিশ হ্যামিল্টন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৪৩.৫ ওভারে ৩১১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতের পক্ষে স্পিনার মানব সুতার ও পেসার আকাশ সিং তিনটি করে উইকেট দখল করেন।

এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবথেকে সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করলো ভারত। এটি তাদের ষষ্ঠ শিরোপা, যা অন্য যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। এর আগে ভারত ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *